জামায়াতে ইসলামী পরিকল্পিতভাবে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে গণঅভ্যুত্থানের পর নতুন করে আন্দোলন-সংগ্রামের ডাক দেওয়া এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার কঠোর সমালোচনা করেছেন তিনি।
গত ৩ আগস্ট (সোমবার) ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে শাখা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী নুর বলেন, ইসলামের একক কোনো ‘ঠিকাদার’ জামায়াতে ইসলামী নয়, বরং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে ইসলামের ভাবমূর্তির সবচেয়ে বড় ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও সরকারি দলের নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও ভুয়া ভিডিও-ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অভিযোগও আনেন তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে নুরুল হক নুর উল্লেখ করেন, দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর সাধারণ জনগণ এই মুহূর্তে নতুন কোনো সরকারবিরোধী বিশৃঙ্খলা বা আন্দোলন পছন্দ করছে না। একটি নতুন সরকারের ছয় মাসও পূর্ণ না হতেই বিরোধিতার নামে সংঘাত তৈরির সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, বিদ্যমান ভূ-রাজনৈতিক সংকটে বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া অন্য কোনো বিকল্প দেখা যাচ্ছে না।
বক্তব্যের শেষভাগে ন্যাশনাল সিটিজেনস পার্টিকে (এনসিপি) রাজনীতির জন্য ‘বিষফোঁড়া’ হিসেবে উল্লেখ করেন তিনি। অভিযোগ করে তিনি বলেন, এনসিপি নিজেদের শক্তিতে রাজনীতি করছে না; আন্দোলন শেষে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হওয়ার পর একটি বিদেশি গোষ্ঠী তাদের ওপর ভর করেছে। বর্তমানে ওই অপশক্তিকে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং সরকারকে জিম্মি করার চক্রান্ত চলছে। এ কারণে পুরো দেশকে এনসিপির রাজনৈতিক তৎপরতার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
Leave a comment