চট্টগ্রাম বন্দরে শতভাগ স্বয়ংক্রিয় টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) চালু হয়েছে। এর ফলে পণ্য ডেলিভারির পুরো প্রক্রিয়া এখন থেকে কাগজবিহীন (পেপারলেস) ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর সচিব মো. নাছির উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০১১ সাল থেকে জাহাজের চলাচল (ভেসেল মুভমেন্ট) এবং বন্দরের অভ্যন্তরে কনটেইনার স্থানান্তরের কাজ টার্মিনাল অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হলেও পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকায় এর সব সুবিধা ব্যবহার করা সম্ভব হয়নি।
এর আগে শুধু ইলেকট্রনিক ডেলিভারি অর্ডারের (ইডিও) আবেদন ও ইডিও তৈরি অনলাইনে সম্পন্ন হতো। বাকি সব কার্যক্রম ম্যানুয়ালি করতে হতো। নতুন ব্যবস্থায় ডেলিভারি অর্ডারের আবেদন থেকে শুরু করে চূড়ান্ত গেট আউট পর্যন্ত প্রতিটি ধাপ অনলাইনে সম্পন্ন হবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ব্যবস্থায় প্রতিটি ধাপ নির্ধারিত ক্রম অনুসারে সম্পন্ন হবে। একটি ধাপ সফলভাবে শেষ ও যাচাই না হওয়া পর্যন্ত পরবর্তী ধাপে যাওয়া যাবে না। ফলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।
নিরাপত্তা ও আইনগত অনুবর্তিতা (কমপ্লায়েন্স) জোরদারে টার্মিনাল অপারেটিং সিস্টেমকে জাতীয় রাজস্ব বোর্ডের অ্যাসাইকুডা ওয়ার্ল্ড (ASYCUDA World) সিস্টেমের সঙ্গে রিয়েল-টাইমে সংযুক্ত করা হয়েছে।
বন্দর কর্তৃপক্ষের মতে, নতুন ব্যবস্থায় বিভিন্ন দপ্তরে সশরীরে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। এতে ডকুমেন্টেশন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে, সময় সাশ্রয় হবে এবং জাল নথি ব্যবহার ও প্রশাসনিক অনিয়ম কমাতে সহায়ক হবে।
Leave a comment