মো. গোলাম কিবরিয়া, রাজশাহী
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে সবারই সচেতন হওয়া প্রয়োজন। নিতে হবে বাড়তি যত্ন। তীব্র গরমে এক গ্লাস লেবুপানি এনে দিতে পারে স্বস্তি ও সতেজতা।
বিশেষজ্ঞদের মতে, গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ বা ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। লেবুতে থাকা পটাশিয়াম এই ঘাটতি পূরণে সহায়তা করে এবং শরীরে সোডিয়াম–পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
লেবুপানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। এটি শরীরকে ভেতর থেকে শীতল রাখে, যা অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
তীব্র রোদে ত্বকের কোষের ক্ষতি পুষিয়ে নিতে লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি কার্যকর ভূমিকা রাখে। এটি ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।
গরমে পানিস্বল্পতার কারণে অনেকের প্রস্রাবে জ্বালাপোড়া বা সংক্রমণের সমস্যা দেখা দেয়। লেবুপানি প্রস্রাবের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণে রেখে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে।
এ ছাড়া উদ্ভিজ্জ খাবার (যেমন পালংশাক বা ডাল) থেকে আয়রন শোষণে সহায়তা করে লেবুর ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড, যা রক্তস্বল্পতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত সাইট্রাসজাতীয় ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে, যা হৃদ্রোগের ঝুঁকি কমায়। উচ্চ রক্তচাপের রোগীরা পরিমিত পরিমাণে লেবুপানি খেতে পারেন।
লেবুপানি পিত্তরস নিঃসরণে সহায়তা করে, যা হজমে উপকারী এবং কোষ্ঠকাঠিন্য ও বদহজম কমাতে সাহায্য করে।
তবে যাঁদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা রয়েছে, তাঁদের লেবুপানি নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
Leave a comment