গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
শুক্রবার (বিকেল সাড়ে ৬টা) সড়কপথে সফরসঙ্গীদের নিয়ে তিনি স্টেশনটি পরিদর্শন করেন। এ সময় তিনি স্টেশন এলাকা ঘুরে দেখেন এবং স্টেশন মাস্টারের কক্ষে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয় ও পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু. মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী, স্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খান রুবেলসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের নেতারা সচিবের কাছে ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যকর করা, ভারতের সঙ্গে রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসুবিধার জন্য ঢাকাগামী ট্রেনের সংখ্যা বাড়ানো।
সচিব স্থানীয়দের দাবি মনোযোগ দিয়ে শোনেন এবং রহনপুর রেলস্টেশনের অর্থনৈতিক ও যোগাযোগগত গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
Leave a comment