জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদিকে একজন ‘কঠিন আলোচক’ ও যুক্তরাষ্ট্রের ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন।
ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে বুধবার দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প এসব মন্তব্য করেন।
বৈঠকে ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদি অত্যন্ত দক্ষ ও কঠিন আলোচক। ভারতের স্বার্থ রক্ষায় তিনি দৃঢ় অবস্থান নেন এবং দেশকে ভালোবাসেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে মোদির অনেক বন্ধু রয়েছে এবং তাঁর প্রতি সবার গভীর শ্রদ্ধা আছে।
ট্রাম্প বলেন, ‘যত দিন আমি প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন ভালো বন্ধু পাবে। আমরা ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।’
মোদি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘তিনি নম্র স্বভাবের হলেও আলোচনার টেবিলে অত্যন্ত দৃঢ়। তিনি ভারতের জনগণকে ভালোবাসেন এবং নিজের দেশের স্বার্থ রক্ষায় আপস করেন না।’
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে মোদির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার নতুন আশা তৈরি হয়েছে।
মোদি আরও বলেন, হরমুজ প্রণালিতে অবাধ নৌ চলাচল নিশ্চিত করা বিশ্ব অর্থনীতির স্বার্থে জরুরি। এ বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে পারে।
উল্লেখ্য, জি-৭ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
Leave a comment