এমরান হোসেন, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোপন মিয়া ওই এলাকার হযরত আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান ওড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, ধান ওড়ানোর কাজে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যান থেকে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ধান ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
Leave a comment