মো. গোলাম কিবরিয়া, রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলায় একটি মৎস্য চাষ প্রকল্পে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধকোটি টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার বাগমারা থানায় দেওয়া অভিযোগে বলা হয়, উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান শুভডাঙ্গা থেকে রাঘোপাড়া গ্রাম পর্যন্ত দাঁড়ার দুই পাশে প্রায় ৭০ বিঘা জমি পাঁচ বছরের জন্য লিজ নিয়ে একটি মৎস্য চাষ প্রকল্প পরিচালনা করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, আগে শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আশরাফ আলী খাঁ ও কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরসহ স্থানীয় আরও কয়েকজন ওই প্রকল্পের অংশীদার ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। সম্প্রতি তাঁরা এলাকায় ফিরে এসে প্রকল্পটি দখলের চেষ্টা করেন এবং এ নিয়ে আতাউর রহমানকে হুমকি দেন। এতে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এই বিরোধের জেরে শুক্রবার ভোরে প্রকল্পের পানিতে বিষ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, জাপানি রুই, কালবাউশ ও গ্রাস কার্পসহ বিভিন্ন প্রজাতির চাষ করা মাছ মরে পানিতে ভেসে ওঠে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রকল্পের মালিক আতাউর রহমান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনাটি অমানবিক। অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment