কারাগারে থাকার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গান শোনাতেন সংগীতশিল্পী ও মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। জামিনে মুক্তি পাওয়ার পর জেলজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে এ তথ্য জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে আলাপকালে কারাগারের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন ডা. সেলিনা হায়াৎ আইভী।
আইভী জানান, কারাগারে অবসর সময়ে প্রায়ই গানের আসর বসত। সেই আসরে প্রধান শিল্পী ছিলেন মমতাজ বেগম। তিনি নিয়মিত গান পরিবেশন করতেন এবং কারাবন্দিদের বিনোদনের সুযোগ করে দিতেন।
তবে একটি বিশেষ গান গাওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছিলেন বলে উল্লেখ করেন আইভী। তিনি বলেন, ‘আমার ভাইয়েরে কইও নাইওর আনতো গিয়া’—গানের এই লাইনটি তাঁর ব্যক্তিগত আবেগকে নাড়া দিত। সে কারণে তিনি মমতাজকে গানটি না গাওয়ার অনুরোধ করেছিলেন।
সম্প্রতি জামিনে মুক্তি পাওয়ার পর নিজের বাসভবনে ফিরে জেলজীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করেন সাবেক এই মেয়র। তাঁর বক্তব্যে কারাগারের ভেতরের সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহবন্দিদের সঙ্গে কাটানো সময়ের কিছু চিত্রও উঠে আসে।
Leave a comment