মো. গোলাম কিবরিয়া, রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও গুলির একটি চালান। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩টি গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় অভিযান চালায় প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার দুলাল শেখ (৩৬) ও সানজিদা আক্তার শিমু।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে নির্ভরযোগ্য একটি সূত্রে খবর পাওয়া যায়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের চালান কুষ্টিয়ার উদ্দেশে নেওয়া হচ্ছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় রাজাবাড়িহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়।
বিকেল চারটার কিছু আগে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩টি গুলি উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা দুজনকে আটক করা হয়।
এস এম মাকসুদুর রহমান আরও বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র চোরাচালান চক্রের অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মামলার পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a comment