বর্তমান সরকার একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম–এ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বিশেষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা, নিরাপদ সমাজ গঠন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে একটি পেশাদার পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ১৯ দফা এবং বেগম খালেদা জিয়া–র ‘ভিশন ২০৩০’-এর ধারাবাহিকতায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান বাস্তবায়নে সরকার কাজ করছে। একই সঙ্গে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করাকে সরকারের অন্যতম অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ সদস্যরা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্মেলনে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া শোনার পর তিনি সরকারের আর্থিক সক্ষমতা ও অগ্রাধিকার বিবেচনায় ধাপে ধাপে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। পাশাপাশি পুলিশের পারফরম্যান্স আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, আইজিপি মো. আলী হোসেন ফকির এবং পুলিশ সদর দপ্তরের আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন।
Leave a comment