মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি | সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে আবুল কালাম নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় তার মৃত্যু হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল ইসলামাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে সালেহ আহমদ জানান, দীর্ঘদিন ধরে কুতুব উদ্দিনের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কুতুব উদ্দিনের পরিবারের সদস্যরা তার বাবা আবুল কালামের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অভিযুক্ত কুতুব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আবুল কালাম নামে এক ব্যক্তিকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে এলে ইসিজি পরীক্ষার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। তবে ঘটনাটি পুলিশ কেস হিসেবে নথিভুক্ত না থাকায় তাকে ‘ব্রট ডেড’ (Brought Dead) হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিজাম উদ্দিনসহ কয়েকজন জানান, আবুল কালামের স্ত্রী ও ভাতিজি খাদেজা এবং কুতুব উদ্দিনের স্ত্রীর মধ্যে ঝগড়া ও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খাদেজা একটি গাছের ছোট ডাল দিয়ে আঘাত করলে তা পিছলে গিয়ে আবুল কালামের আঙুলে লাগে। পরে ঝগড়া মিটে যায়। কিছুক্ষণ পর আবুল কালাম নিজের বাড়ির বারান্দায় অচেতন হয়ে পড়ে যান।
পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক এসে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a comment