Home জাতীয় দুর্ঘটনা ২৫ সেকেন্ডে ১২ গুলি, জিমের সামনে খুন গায়ক অঙ্কিত
দুর্ঘটনা

২৫ সেকেন্ডে ১২ গুলি, জিমের সামনে খুন গায়ক অঙ্কিত

Share
Share

ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার পর হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এতে দেখা যায়, চার অস্ত্রধারী অঙ্কিতকে অনুসরণ করে হামলা চালাচ্ছেন। প্রায় ২৫ সেকেন্ড ধরে গুলিবর্ষণ চলে।

৩৫ বছর বয়সী অঙ্কিত গত বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামলির একটি জিম থেকে বের হন। তাঁর হাতে ছিল কিট ব্যাগ। এরপর নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় চার ব্যক্তি তাঁকে অনুসরণ করতে থাকেন। তাঁদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

অঙ্কিত গাড়ির কাছে পৌঁছানোর আগেই হামলাকারীরা গুলি চালাতে শুরু করেন। পরপর গুলির শব্দে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী ও স্থানীয় দোকানিরা নিজেদের আড়াল করেন। কেউ কেউ দোকানের ভেতর থেকে পরিস্থিতি দেখার চেষ্টা করলেও গুলির শব্দ চলতে থাকায় দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

পুলিশের সূত্র বলছে, হামলায় মোট ১২টি গুলি ছোড়া হয়। আতঙ্ক ছড়াতে হামলাকারীরা কয়েকটি গুলি শূন্যেও ছোড়েন। তাঁদের কাছে .৩০ ও .৩২ ক্যালিবারের পিস্তল ছিল বলে জানিয়েছে পুলিশ।

গুলিবিদ্ধ অঙ্কিতকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর তাঁর শরীরে কতটি গুলি লেগেছিল এবং আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ঘটনাস্থল হরিয়ানা সীমান্ত থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। পুলিশের ধারণা, হামলাকারীরা হরিয়ানা থেকে শামলিতে এসে থাকতে পারেন।

গানের জগতেও ছিল বন্দুক-সহিংসতার ছাপ

শামলির বান্টি খেদা গ্রামের বাসিন্দা অঙ্কিত বালিয়ান হরিয়ানভি সংগীতজগতে পরিচিত মুখ ছিলেন। ইউটিউবেও তাঁর উল্লেখযোগ্য জনপ্রিয়তা ছিল। তাঁর চ্যানেলের গ্রাহকসংখ্যা ছিল ৩ লাখ ৬৮ হাজারের বেশি।

অঙ্কিতের গানের ভিডিওতে প্রায়ই বন্দুক, লড়াই ও বিলাসবহুল এসইউভির দৃশ্য দেখা যেত। তাঁর বেশ কিছু গানের কথায় উঠে এসেছে সহিংসতা, প্রতিদ্বন্দ্বিতা, দাপট ও শত্রুতার বিষয়। তাঁর কয়েকটি গান ইউটিউবে লাখ লাখবার দেখা হয়েছে।

অঙ্কিতের জনপ্রিয় গানগুলোর একটি ‘ভারি কোর্ট ম্যায় গোলি মারেঙ্গে মেরি জান’। গানটির শিরোনামের অর্থ দাঁড়ায়, ‘আদালতের মধ্যেই তোমাকে গুলি করব, প্রিয়’।

তবে তাঁর মৃত্যুর পর তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্ট নিয়েও আলোচনা শুরু হয়েছে।

মৃত্যুর দুই ঘণ্টা আগে ‘হত্যা’র গান

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে বুধবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন অঙ্কিত। সেখানে তাঁকে গাড়িতে বসে একটি হরিয়ানভি গান গাইতে দেখা যায়। গানের একটি লাইনে ছিল, ‘মার্ডার মার দে সড়ক কে ওপর’, যার অর্থ ‘রাস্তায় হত্যা করো’।

এর কয়েক ঘণ্টা পরই সড়কে হামলার শিকার হয়ে তাঁর মৃত্যু হয়। ফলে তাঁর সর্বশেষ পোস্টটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তবে ওই গানের সঙ্গে তাঁর হত্যাকাণ্ডের কোনো সরাসরি সম্পর্ক ছিল কি না, তা এখনো জানা যায়নি।

হত্যার দায় নিল গোগি গ্যাং

অঙ্কিত হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে কুখ্যাত গোগি গ্যাং। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গ্যাংটির পক্ষ থেকে বলা হয়েছে, অঙ্কিত তাদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। গ্যাং-সংশ্লিষ্ট একটি ঘটনার ওপর তিনি গানও তৈরি করেছিলেন বলে পোস্টে দাবি করা হয়েছে।

গ্যাংটির সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ভোলু শাহপুরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘এটা কেবল শুরু, সবার পালা আসবে।’

পোস্টটিতে উত্তর প্রদেশ পুলিশকেও হুমকি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অঙ্কিতকে হত্যার প্রকৃত কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা

অঙ্কিতের বাবার অভিযোগের ভিত্তিতে চার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল গঠন করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে হামলার গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধরা পড়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার পাশাপাশি তাঁরা কোথা থেকে এসেছিলেন এবং হামলার পর কোন পথে পালিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা, প্রমাণ মুছে ফেলেন মা

ভারতের মহারাষ্ট্রের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বাবার বিরুদ্ধে। পরে হত্যার আলামত...

পীরগঞ্জে বাড়ছে কলার আবাদ, লাভের আশায় ঝুঁকছেন কৃষকেরা

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাড়ছে বাণিজ্যিকভাবে কলার আবাদ। ধান, ভুট্টাসহ প্রচলিত ফসলের পাশাপাশি লাভের আশায় অনেক কৃষক কলা চাষে আগ্রহী...

Related Articles

বিকেলে পাত্রী দেখা, রাতেই সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে সড়ক দুর্ঘটনায়...

বাস-টমটমের সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

নেত্রকোনা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী টমটমের সংঘর্ষে মোহন মিয়া (৫০)...

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরানদীতে গোসল করতে নেমে পাঁচ...

‘আমার তিন স্বজন বেঁচে আছেন, নাকি মারা গেছেন, কিছুই জানি না’

নেপালে বিপর্যয়ের আগে একটি দুর্গম জেলায় কাজ করতে গিয়েছিলেন তারা থাপা মাগারের...