এমরান হোসেন, জামালপুর | সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি নির্দেশনা উপেক্ষা করে জমকালো আলোকসজ্জার মধ্যেই জামালপুর পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় চলছে ‘বিসিক উদ্যোক্তা মেলা–২০২৬’। সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকলেও রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত মেলা চালু রাখা হচ্ছে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে গত বুধবার (১ এপ্রিল) থেকে ১০ দিনব্যাপী এ মেলা শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলার শিল্প উদ্যোক্তারা অংশ নিয়েছেন। মেলায় প্রায় ৯০টি স্টল বসানো হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে মেলা ঘুরে দেখা যায়, রাত পর্যন্ত মেলার ভেতরে নৌকা রাইড, চরকি-সহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন চালু রয়েছে। একই সঙ্গে গানের কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলায় দর্শনার্থীদের ভিড় কয়েকগুণ বেড়েছে। ব্যাপক আলোকসজ্জা ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমে মেলা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উৎসব ও বিয়েতে আলোকসজ্জা সীমিত করা এবং সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন এনেছে। এ ধরনের নির্দেশনা মেনে চলা সবারই উচিত।
এ বিষয়ে বিসিক জামালপুরের সহকারী পরিচালক সম্রাট আকবর বলেন, জেলা প্রশাসনের অনুমতি নিয়েই মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যার পর মেলা চলবে কি না, সে বিষয়ে জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, এ বিষয়ে নতুন কোনো প্রজ্ঞাপন তার জানা নেই। তবে আলোকসজ্জা ও দোকানপাট খোলা রাখার বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সঙ্গে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Leave a comment