এমরান হোসেন, জামালপুর | সারাদেশের মতো জামালপুরেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তেল নিতে পাম্পের সামনে দিন-রাত লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল চালকেরা। অনেকেই সকালে তেল নেওয়ার আশায় রাতেই মোটরসাইকেল লাইনে রেখে গেস্ট হাউজ বা হোটেলে রাতযাপন করছেন।
শনিবার (৪ এপ্রিল) মধ্যরাতে পৌর শহরের পিটিআই মোড় এলাকায় জুঁই এন্টারপ্রাইজের সামনে এমন চিত্র দেখা যায়।
জানা গেছে, রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় পেট্রোল ও অকটেন সরবরাহ করা হবে—এমন খবর ছড়িয়ে পড়লে মধ্যরাত থেকেই দোকানের সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে যায়। জ্বালানি তেল পেতে অনেক চালক মোটরসাইকেল লাইনে রেখে গেস্ট হাউজে অবস্থান করছেন। গত কয়েক সপ্তাহ ধরে জামালপুরের বিভিন্ন তেলের পাম্প ও দোকানের সামনে একই পরিস্থিতি বিরাজ করছে।
ব্যবসায়ী সুজন মিয়া বলেন, তেলের জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকে ব্যবসা করা সম্ভব নয়। তাই রাতেই মোটরসাইকেল লাইনে রেখে ৩০০ টাকায় গেস্ট হাউজে একটি কক্ষ ভাড়া নিয়েছি, যাতে তেল সরবরাহ শুরু হলেই নিতে পারি।
মোটরসাইকেল চালক সবুজ বলেন, সংকটের কারণে যেকোনো সময় তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কায় দুশ্চিন্তায় আছি। তাই সকাল ১০টায় তেল দেওয়া হবে শুনে রাতেই লাইনে দাঁড়িয়েছি।
রাত ১১টার দিকে চাকরিজীবী মো. মাসুদ ও সোলাইমান বলেন, আমরা মার্কেটিংয়ের কাজ করি। সারাদিন মোটরসাইকেল নিয়ে বিভিন্ন স্থানে যেতে হয়। সকালে এসে লাইনে দাঁড়ালে তেল পেতে দেরি হতে পারে, এমনকি নাও পাওয়া যেতে পারে। তাই রাতেই গাড়ি লাইনে রেখে ২৫০ টাকায় গেস্ট হাউজে কক্ষ নিয়েছি। সকালে তেল পেলেই কাজে বের হব।
জুঁই এন্টারপ্রাইজের কর্তৃপক্ষ জানায়, রোববার সকাল ১০টা থেকে নিয়ম অনুযায়ী তেল সরবরাহ শুরু হবে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই মোটরসাইকেল চালকেরা দোকানের সামনে অবস্থান করছেন। তবে সময়ের আগে তেল সরবরাহ করলে হঠাৎ করে ভিড় বেড়ে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে বলে তারা জানান।
Leave a comment