ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার যে বক্তব্য বা গুঞ্জন শোনা যাচ্ছে, তা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দেয়া এক বার্তায় তিনি স্পষ্ট জানান, শেখ হাসিনা যদি দেশে ফেরেনও, তবে তাঁর জায়গা ক্ষমতা নয়, বরং কারাগারে হবে।
নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল তাজ লেখেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একজন নেত্রী কীভাবে তাঁর অতীত কৃতকর্ম বেমালুম ভুলে আবার দেশে ফেরার কথা ভাবেন, তা বোধগম্য নয়। তিনি উল্লেখ করেন, বিগত সময়ে সংগঠিত গণহত্যা, গুম, খুন, সীমাহীন দুর্নীতি, গণতন্ত্র ধ্বংস করা এবং দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচারের মতো ঘটনাগুলোকে অস্বীকার করে তিনি দল ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
পোস্টে আরও বলা হয়, নিজের ভুল স্বীকার, অনুশোচনা বা আত্মসমালোচনা না করে উল্টো ষড়যন্ত্রের কাল্পনিক তত্ত্ব হাজির করছেন সাবেক প্রধানমন্ত্রী। তাঁর এমন মনভাব ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার পাশাপাশি পুরো দেশকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।
বিশ্ব ইতিহাসের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ইতিহাসের পাতায় শেখ হাসিনার মতো জনরোষের মুখে ক্ষমতাচ্যুত স্বৈরাচারীদের পুনরায় ফিরে আসার বা ক্ষমতা দখল করার উদাহরণ অত্যন্ত বিরল। পৃথিবীর ইতিহাসে দু-একজন রাষ্ট্রপ্রধান সামরিক অভ্যুত্থানের পর আবার ক্ষমতায় ফিরে আসতে পারলেও, স্ফীত জনরোষ ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অপসারিত কোনো শাসক এভাবে ফিরতে পারেননি। ফলে শেখ হাসিনার ফিরে আসার অবাস্তব স্বপ্ন কোনোদিন পূরণ হবে না; দেশে পা রাখলে আইনানুযায়ী তাঁকে জেলের মুখোমুখিই হতে হবে।
Leave a comment