হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্রুত থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আফরোজা খানম বলেন,“প্রধানমন্ত্রী থার্ড টার্মিনালটি দ্রুততম সময়ের মধ্যে যাত্রী সেবার জন্য উন্মুক্ত করতে চান। সে লক্ষ্যেই প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন।”
তিনি জানান, টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে এবং দ্রুত চালুর উপায় নিয়ে কারিগরি পর্যালোচনা চলছে।
নির্দিষ্ট তারিখ জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনই কোনো সুনির্দিষ্ট দিন জানানো সম্ভব নয়। তবে কাজ পুরোদমে এগোচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেটওয়ার্ক জটিলতা ও কিছু নকশাগত কারিগরি সুপারিশের কারণে উদ্বোধন বিলম্বিত হচ্ছিল। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষের কার্যক্রমে গতি এসেছে।
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হলে যাত্রীসেবা, ফ্লাইট ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংযোগে উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Leave a comment