যুক্তরাজ্যের কেন্ট অঞ্চলে মেনিনজাইটিস রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নতুন করে আরও ছয়জনের দেহে মেনিনজাইটিস শনাক্ত হওয়ার পর নিশ্চিত ও সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়িয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইংল্যান্ডের সমস্ত চিকিৎসকদের মেনিনজাইটিসের লক্ষণগুলোর দিকে কড়া নজর রাখার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, প্রাদুর্ভাবটি মূলত দুটি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ছড়িয়েছে— ইউনিভার্সিটি অব কেন্ট এবং ক্যান্টারবেরি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ক্যান্টারবেরির একটি নাইটক্লাব থেকে এই সংক্রমণ শুরু হয়েছিল, যা পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে।
এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অন্যজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সংক্রমণ প্রতিরোধে একটি নির্দিষ্ট ও বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় ইউনিভার্সিটি অব কেন্টের ৫,০০০ শিক্ষার্থীকে ‘মেনিনজাইটিস বি’-এর টিকা প্রদান করা হচ্ছে।
প্রসঙ্গত,মেনিনজাইটিস একটি সংক্রামক এবং প্রাণঘাতী রোগ । বর্তমান পরিস্থিতিতে উদ্বেগের প্রধান কারণ হলো সংক্রমণের উৎসস্থলটি ছিল একটি জনাকীর্ণ স্থান (নাইটক্লাব) । তবে টিকাদান কর্মসূচি এবং চিকিৎসকদের বিশেষ সতর্কবার্তার মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যদি কারো তীব্র মাথা ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, আলোর প্রতি সংবেদনশীলতা এবং ত্বকে ফুসকুড়ি বা র্যাশ দেখা দেয়,তবে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে থাকা ব্যক্তিরা সুস্থ বোধ করলেও তাদের লক্ষণগুলোর ওপর সতর্ক দৃষ্টি রাখা আবশ্যক।
তথ্যসূত্র: বিবিসি
Leave a comment