মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের যৌথ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করানো, প্রয়োজনীয় টেকনোলজিস্ট না থাকা, বৈধ লাইসেন্স ও সনদ নবায়ন না করা এবং নার্সদের উপযুক্ত ডিপ্লোমা লাইসেন্স না থাকার মতো একাধিক অপরাধে প্রতিষ্ঠানগুলোকে এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, নূরজাহান হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, সাধারণ রোগীদের চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম ও প্রতারণা সহ্য করা হবে না। জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের মনিটরিং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Leave a comment