নওগাঁর মহাদেবপুরে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শনিবার (১০ অক্টোবর) রাতে মহাদেবপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবির একটি দল।
গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে হোসেনপুর গ্রামের ইমন হোসেনের বাড়ির উত্তর পাশের সড়কে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুজনসহ সন্দেহজনক অবস্থায় থাকা চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, মোটরসাইকেলের হ্যান্ডেলে থাকা একটি কালো পলিথিনের ব্যাগ তল্লাশি করে ৪০ পাতায় ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি পাতায় ১০টি করে ট্যাবলেট ছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহাদেবপুরের রাইগা এলাকার সোহাগ হোসেন (২৮), কৃষ্ণপুর হঠাৎপাড়া এলাকার রনি হাসান (২০), দক্ষিণ হোসেনপুর এলাকার জুয়েল (৩৬) ও একই এলাকার রুবেল হোসেন (৩০)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ হোসেন অন্যদের সহযোগিতায় বিভিন্ন স্থানে ট্যাপেন্টাডল ট্যাবলেট কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
Leave a comment