ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার মুখে রাজধানী মস্কোর আকাশ প্রতিরক্ষা আরও জোরদার করতে ড্রোন অপারেটর নিয়োগ দিচ্ছে রাশিয়া। এ–সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেশটির অন্যতম বৃহৎ চাকরির ওয়েবসাইট হেডহান্টারে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কমব্যাট আর্মি রিজার্ভ ফোর্স’ নামের একটি স্বেচ্ছাসেবী ইউনিটের জন্য ড্রোন অপারেটর নিয়োগ দেওয়া হবে। এ পদে কাজের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। আবেদনকারীদের মৌলিক প্রযুক্তিগত দক্ষতা এবং শেখার আগ্রহ থাকতে হবে।
নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে থাকবে ড্রোন উড্ডয়নের প্রস্তুতি, নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ, দিন ও রাতে ড্রোন পরিচালনা এবং রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার।
ড্রোন অপারেটরদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার রুবল, যা প্রায় এক হাজার ৯৫০ মার্কিন ডলারের সমান।
বিজ্ঞাপনটি ঠিক কবে প্রকাশ করা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে সর্বশেষ ১ জুলাই এটি হালনাগাদ করা হয়েছে।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলা মোকাবিলায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন মস্কোসহ রাশিয়ার বিভিন্ন জ্বালানি ও সামরিক স্থাপনায় ড্রোন হামলা বাড়িয়েছে। এসব হামলায় সীমান্তবর্তী কয়েকটি অঞ্চলে হতাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানেও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট।
Leave a comment