ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান টাটা কেমিক্যালসকে কেনিয়ায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। দীর্ঘদিন কেনিয়ায় কার্যক্রম চালালেও প্রতিষ্ঠানটি স্থানীয় জনগণ বা অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখেনি—এমন অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টাটা কেমিক্যালসের পরিবর্তে কেনিয়া সরকার দুটি নতুন প্রতিষ্ঠানকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেবে। এর মধ্যে একটি কাজিয়াদো অঞ্চলে বড় একটি কাচ তৈরির কারখানা স্থাপন করবে এবং অন্যটি রাসায়নিক উৎপাদন করবে।
দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে প্রেসিডেন্ট রুটো বলেন, টাটা কেমিক্যালসের সঙ্গে কেনিয়া সরকারের ১০০ বছরের একটি চুক্তি ছিল। তবে দীর্ঘ সময়েও প্রতিষ্ঠানটি ওই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো স্থাপনা বা স্থানীয়দের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেনি।
রুটো বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুটি নতুন কোম্পানিকে এখানে নিয়ে আসব। একটি কোম্পানি এখানে কাজিয়াদোতে একটি বড় কাচ তৈরির কারখানা স্থাপন করবে এবং অন্য কোম্পানিটি রাসায়নিক উৎপাদন করবে।’
এর আগে গত জুলাইয়ের শেষ দিকে টাটা গ্রুপ জানিয়েছিল, কেনিয়া সরকারের নির্দেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান টাটা কেমিক্যালস লিমিটেডকে মাগাদি সোডা কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে। একই সঙ্গে সোডা অ্যাশ রপ্তানিও বন্ধ রাখতে বলা হয়েছিল।
এ বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a comment