ঢাকার ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ২৮ নম্বর সড়কের একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন। এ সময় তাঁরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন।
পরে ভাটারা থানা-পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেপ্তার করে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Leave a comment