ঢাকা, ৫ এপ্রিল: দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে গতি ও স্বচ্ছতা আনতে জোর দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। রোববার বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি কার্গো ব্যবস্থাপনায় হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং দ্রুত পণ্য খালাসে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।
পরিদর্শনকালে মন্ত্রী কার্গো টার্মিনালের কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি স্পষ্টভাবে জানান, নতুন সরকারের অধীনে কার্গো পরিবহন ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। এ ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি দ্রুত, স্বচ্ছ ও নিয়ম মেনে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে BG 202 ফ্লাইটের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের কারিগরি ত্রুটি ও মেরামত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের মেইনটেন্যান্স দ্রুত সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
জানা গেছে, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে ত্রুটি দেখা দেওয়ায় উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ডেড ছিল। বর্তমানে সেটিকে সচল করতে প্রয়োজনীয় মেরামত কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর এই পরিদর্শনের মাধ্যমে বিমানবন্দরের সেবার মান উন্নয়ন এবং যাত্রী ও ব্যবসায়ীদের জন্য আরও কার্যকর পরিবেশ নিশ্চিত করার প্রত্যাশা সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে।
Leave a comment