কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করেছেন মামুন হোসেন (৩০) নামের এক যুবক। আজ রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনা এলাকায় আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
ভিডিওতে দেখা যায়, সন্ধ্যার দিকে দুধ দিয়ে গোসল করছেন মামুন। তিনি ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মুকুল হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় চার বছর আগে মামুন উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সম্প্রতি পারিবারিকভাবে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপরই তিনি দুধ দিয়ে গোসল করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, দেওয়ানের খামার এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করছেন—এমন একটি ভিডিও তিনি ফেসবুকে দেখেছেন।
Leave a comment