গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘রগকাটা’ জামায়াত-শিবির তাদের স্বরূপে ফিরেছে। তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ সমাবেশে জামায়াতের কর্মীরা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন নুরুল হক নুর।
তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে জামায়াতের কর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালান। এতে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ অর্ধশতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
নুরুল হক নুর বলেন, ‘জামাত-শিবিরের এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে জামাত-শিবিরকে স্মরণ করিয়ে দিতে চাই, গত দেড় দশক যেভাবে গুপ্ত ছিলেন, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা হবে।’
এদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ বলেন, কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার নেতাকর্মীদের হামলায় তাঁদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী বা সংসদ সদস্য আমির হামজার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a comment