রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন—এমন একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।
বুধবার (২২ জুলাই) বিকেল ৩টা ২৭ মিনিটে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন।
পোস্টে তিনি আরও দাবি করেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে।
তবে এসব দাবির পক্ষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সরকারি তথ্য পাওয়া যায়নি। রাষ্ট্রপতির পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগসংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষও কিছু জানায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি ওঠে। এ দাবিতে কয়েক দফা আন্দোলনও হয়। পাশাপাশি বিভিন্ন সময়ে তাঁর পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়ালেও এখন পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন।
Leave a comment