যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা ও আয়োজকদের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটি সিলেটে প্রথম সফর। মঙ্গলবার দুপুরে সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পরে বিকেলে সিটি করপোরেশনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সিলেটে প্রবেশের পথে মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরীর সাতটি পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানালেও সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বয়কটের কারণ হিসেবে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিক কমিটি গঠন না করা এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সিটি করপোরেশনের এই অনুষ্ঠান বর্জন করেছে।
তিনি জানান, সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কোনো নেতাকর্মী অংশ নেবেন না।
Leave a comment