আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। বুধবার রাত ১০টা ৫২ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। এর প্রভাব পড়ে বাংলাদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায়, বিশেষ করে বান্দরবান জেলায়। রাজধানী ঢাকাতেও কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০১ কিলোমিটার।
ইউরোপীয় সংস্থা ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংগাই অঞ্চলের মনিওয়া শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র: ভলকানো ডিসকভারি ও ইএমএসসি।
Leave a comment