গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শুধু ব্যক্তি স্বার্থে নয়, দেশের সার্বিক স্বার্থে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। তিনি বলেন, জ্বালানি সাশ্রয় করতে পারলে দীর্ঘ সময় তা ব্যবহার করা সম্ভব হবে এবং আমদানির ওপর চাপ কমবে। এতে বৈদেশিক মুদ্রার ব্যয়ও কমবে। জ্বালানি পরিস্থিতি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, বরং সবাইকে স্বাভাবিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টায় সিলেটে নিজ বাসভবনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সবাই সচেতন থাকলে পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। সন্ধ্যা ৬টার পর বিদ্যুতের চাহিদা বাড়ে, তাই ওই সময়ে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে। তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশে গ্রীষ্ম ও শীতকালে সময় পরিবর্তনের মাধ্যমে ডে-লাইট সেভিংস চালু রয়েছে, তবে বাংলাদেশে তা প্রচলিত নয়। বর্তমান পরিস্থিতিতে সরকার কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে, যা সবাইকে মেনে চলতে হবে।
এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৌদি আরবসহ যেসব দেশ থেকে এলপিজি আমদানি করা হয়, সেসব স্থানে দাম বাড়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। তবে অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকলে জ্বালানি তেলের দামও স্থিতিশীল থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জ্বালানি সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, শিল্প খাতে জ্বালানি সরবরাহ পরিকল্পিতভাবে নিশ্চিত করা হচ্ছে, তাই উৎপাদন কমে যাওয়ার সম্ভাবনা নেই।
মন্ত্রী আরও জানান, জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা সংসদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদিত হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তিনি বলেন, ভবিষ্যতে জাপানি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তুতিও চলছে, যা এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে দেশের পণ্য রপ্তানিতে সুবিধা দেবে।
এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান মন্ত্রী। পরে নগরীর পীরমহল্লা জামে মসজিদে জুমার নামাজ আদায় করে তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল ৪টায় নিজ বাসভবনে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এ সময় বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a comment