ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর কাছে তার পদত্যাগপত্র জমা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে উপাচার্য ব্যক্তিগত ও প্রশাসনিক কারণ উল্লেখ করেছেন বলে মন্ত্রণালয় ও ভিসি দপ্তর সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি। ঢাবি ভিসির প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে জানান, উপাচার্য শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণের পর পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। সে সময় তিনি বলেছিলেন, আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব পালনের একটি সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছেন বলে মনে করেই তিনি সরে দাঁড়াতে চান।
তিনি আরও জানান, রাজনৈতিক সরকার যেন তার পরিকল্পনা অনুযায়ী প্রশাসন সাজাতে পারে—সেই সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। তবে পদত্যাগের বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, উপাচার্যের পদত্যাগ গ্রহণ ও নতুন নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহল।

Leave a comment