ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক পরিদর্শনে যানবাহন গণনা ও টোল আদায়ে স্বচ্ছতা এবং জবাবদিহির ঘাটতি পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (২২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের তিন সদস্যের একটি দল এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় অভিযান পরিচালনা করে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, অভিযানের সময় দুদকের কর্মকর্তারা টোল আদায় ও যানবাহন গণনার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
তিনি বলেন, প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা এবং টোল আদায় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে বলে প্রতীয়মান হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, যানবাহনের প্রকৃত সংখ্যা গোপন করে কত টাকা টোল আদায় করা হয়েছে এবং এর ফলে সরকার কত টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে, তা যাচাই করা হচ্ছে।
অভিযোগের বিস্তারিত তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আরও নথিপত্র চেয়েছে দুদক। সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট দল কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।
অভিযোগের বিবরণ অনুযায়ী, সরকারের সঙ্গে টোল আদায়কারী প্রতিষ্ঠানের চুক্তিতে নির্দিষ্ট হারে যানবাহন চলাচলের ভিত্তিতে রাজস্ব ভাগাভাগির শর্ত রয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, টানা ১৫ দিন প্রতিদিন ৮০ হাজারের বেশি যানবাহন চলাচল করলে অতিরিক্ত যানবাহন থেকে আদায় করা টোলের ২৫ শতাংশ সরকার পাবে। অন্যদিকে দৈনিক যানবাহন চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাওয়ার বিধান রয়েছে।
এদিকে পুলিশের বিশেষ শাখার অনুসন্ধানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দৈনিক প্রায় এক লাখ যানবাহন চলাচলের তথ্য উঠে এসেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে দৈনিক যানবাহন চলাচলের সংখ্যা ৭০ থেকে ৭৫ হাজার।
যানবাহন চলাচলের এই দুই হিসাবের মধ্যে পার্থক্য এবং টোল আদায় থেকে সরকারের প্রাপ্য রাজস্ব যথাযথভাবে পরিশোধ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে দুদক।
তবে অভিযোগের সত্যতা এবং সরকারের কী পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, তা এখনো চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি।
Leave a comment