মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ
কক্সবাজার থেকে টেকনাফগামী একটি পালকি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার কেয়ারীঘাটসংলগ্ন একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের দুজন এবং টেকনাফের দমদমিয়া এলাকার দুজন বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দলের সদস্যরা তাঁদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জামিম মিয়া বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির নিবন্ধন নম্বর কক্সবাজার-জ-১১-০২৩২। খবর পেয়ে ফায়ার সার্ভিস, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেন।
তিনি বলেন, “দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শী মো. কামাল উদ্দিন বলেন, “বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জানালা ভেঙে যাত্রীদের বের করে আনেন।”
তিনি আরও দাবি করেন, দুর্ঘটনার সময় বাসটি হেলপার চালাচ্ছিলেন।
এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a comment