মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ
আসন্ন জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ। বুধবার (০২ সেপ্টেম্বর, ২০২৬) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমালের রক্ষা ও নিরাপত্তা প্রদান বাংলাদেশ পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। জন্মাষ্টমী উপলক্ষে জেলায় আয়োজিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানসমূহ যাতে কোনো বিঘ্ন ছাড়াই সম্পন্ন হতে পারে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও নিশ্চিত করেন যে, উৎসবকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অন্যান্য প্রশাসনিক সংস্থার সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে।
সভায় উপস্থিত সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির প্রতিনিধিগণ ধর্মীয় শোভাযাত্রার (র্যালি) নির্ধারিত রুট, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে শুনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, “পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সম্মিলিত সহযোগিতাই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ভিত্তি। জন্মাষ্টমীর এই ধর্মীয় উৎসব যাতে সর্বোচ্চ মর্যাদা, নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হতে পারে, সে জন্য মুন্সীগঞ্জ জেলা পুলিশ সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে।”
উক্ত মতবিনিময় সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার জন্মাষ্টমী উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a comment