যুক্তরাষ্ট্রের গোলাবারুদের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এ–সংক্রান্ত তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে গোলাবারুদের মজুত কমে যাওয়ার বিষয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনের সমালোচনা করেন ট্রাম্প।
তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে, বিশেষ করে নির্দিষ্ট কিছু ধরনের অস্ত্রের গোলাবারুদ। যদিও এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
ট্রাম্প আরও বলেন, বিপুল পরিমাণ গোলাবারুদ উৎপাদন করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী তা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে সরবরাহ করা হবে। তাঁর দাবি, প্রতিরক্ষা খাতের প্রতিষ্ঠানগুলো দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক উৎপাদন স্থাপনা নির্মাণ করছে।
এর আগে ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এক বৈঠকে ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে গোলাবারুদের ঘাটতি নিয়ে ব্যাখ্যা চান। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, ট্রাম্প মনে করেছিলেন, এ সমস্যা আগেই সমাধান হয়েছে।
এসব প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘রাষ্ট্রদ্রোহমূলক’ তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে বিচারিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারা দীর্ঘমেয়াদি কারাদণ্ডের মুখোমুখি হবে।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও দাবি করা হয়, অস্ত্রের ঘাটতির কারণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কিছু সামরিক হামলার পরিকল্পনা বাতিল করেন।
তবে ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে মতবিরোধের খবর অস্বীকার করেছে হোয়াইট হাউস। মুখপাত্র ক্যারোলিন লেভিট এক্সে দেওয়া এক পোস্টে বলেন, তিনি ক্যাম্প ডেভিডে ওই বৈঠকে উপস্থিত ছিলেন এবং এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেলও ট্রাম্প ও হেগসেথের মধ্যে বিরোধ এবং অস্ত্রের ঘাটতি–সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ মনগড়া’ বলে মন্তব্য করেছেন।
এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দূরপাল্লার নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের ঘাটতি ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলেছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়, মার্কিন সামরিক বাহিনী তাদের থাড (THAAD) ক্ষেপণাস্ত্রের মজুতের প্রায় ৮০ শতাংশ ব্যবহার করে ফেলেছে।
সূত্র: ব্লুমবার্গ
Leave a comment