খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিবেশন করা খাবারে একটি মৃত টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা রান্নাকৃত সবজির ভেতর থেকে এই টিকটিকিটি উদ্ধার করেন এক শিক্ষার্থী। এই ঘটনায় ক্যাফেটেরিয়া ম্যানেজারের দায়সারা ও অদ্ভূত মন্তব্যে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে দুপুরের খাবার নিয়ে নিজ কক্ষে ফেরেন তিনি। পরবর্তীতে খাওয়ার সময় পটোল, আলু ও ডিমের তরকারির মধ্যে স্পষ্ট একটি টিকটিকি দেখতে পান। ঘটনার ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাফেটেরিয়ার খাবারের নিম্নমান ও অসাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। অন্য এক শিক্ষার্থী সাহেবী ইকরাম রেদোয়ান বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও বহিরাগতদের প্রিয় খাবার স্থানে এমন অবহেলা ফুড পয়েন্টজনিংয়ের তীব্র ঝুঁকি তৈরি করে। দায়ীদের অবিলম্বে জবাবদিহির আওতায় আনতে হবে।”
শিক্ষার্থীদের অভিযোগ ও ক্ষোভের বিপরীতে ক্যাফেটেরিয়ার ম্যানেজার এক অদ্ভূত মন্তব্য করে বসেন। তিনি সাফাই গেয়ে দাবি করেন, “আমরা সব সময় সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখি। রান্নার সময় যদি এটি পড়ে থাকত, তবে আগুনের তাপে গলে যাওয়ার কথা ছিল, কারণ টিকটিকির শরীর নরম থাকে। এটি কীভাবে বা কোন ভুলবশত ঘটেছে, তা আমাদের বোধগম্য নয়।” ম্যানেজারের এমন যুক্তিতে উল্টো তোপের মুখে পড়েছে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের উদ্বেগের বিষয়ে নজর দিয়েছেন উচ্চতর কর্তৃপক্ষ। ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি ইতিমধ্যে পূর্ণ অবহিত হয়েছেন এবং তাঁর দপ্তরকে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও সংশ্লিষ্ট ম্যানেজমেন্টের সাথে জরুরি বৈঠক করে এই বিষয়ে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
Leave a comment