ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ধরিয়ে দিতে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) মার্কিন পররাষ্ট্র দফতরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম’ থেকে এ ঘোষণা দেওয়া হয়, যা পরিচালনা করে যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।
মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের বিভিন্ন অংশের নেতৃত্বদানকারী এই ব্যক্তিরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন এবং বাস্তবায়নের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে আয়াতুল্লাহ মোজতবা খামেনিসহ আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শীর্ষ নেতার ছবি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র বলেছে, এই নেতাদের বা আইআরজিসির অন্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের অবস্থান কিংবা কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করলে তথ্যদাতাকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তথ্যদাতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুনর্বাসনের সুযোগও দেওয়া হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছে, আইআরজিসি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে সহিংস কার্যক্রম ও সন্ত্রাসবাদে সহায়তা দিয়ে আসছে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে। তাই এসব কার্যক্রমে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই ঘোষণা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।
Leave a comment