‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বাঙ্গরা বাজার থানার কোরবানপুরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয় থেকে র্যালিটি বের হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি কোরবানপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, ‘শুধু বাঙ্গরা বাজার নয়, পুরো কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ড. শফিকুল ইসলাম বলেন, ‘সন্তানদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে শুরুতেই সতর্ক হতে হবে। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ৪ নম্বর পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকলাল দেবনাথ, কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল নাইম ভূঁইয়া এবং ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অবিদ হোসেন।
এ সময় কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা সুমন, উপজেলা জিসাসের সাধারণ সম্পাদক আল আমিন, বিএনপি নেতা অ্যাডভোকেট নূর মোহাম্মদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন বাপ্পী, যুগ্ম আহ্বায়ক খলিল মাস্টার ও মামুন ভূঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
র্যালিতে শিক্ষার্থীদের হাতে মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও সমাজেও। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
Leave a comment