লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজে শৃঙ্খলা রক্ষার্থে এক শিক্ষার্থীর মোবাইল ফোন ভেঙে ফেলেছেন এক শিক্ষক। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ সম্প্রতি শিক্ষার্থীদের বিদ্যালয় প্রাঙ্গণে মোবাইল ফোন নিয়ে আসার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে নোটিশ প্রদান করেছিল। নোটিশ অমান্য করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী একটি ‘আইফোন ৬’ মডেলের মোবাইল নিয়ে শ্রেণিকক্ষে উপস্থিত হয়। বিষয়টি নজরে আসার পর সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান ফোনটি উদ্ধার করেন এবং সকলের সামনে তা আছড়ে বিনষ্ট করেন।
বিদ্যালয় সূত্রে প্রকাশ, গত ৯ সেপ্টেম্বর জারি করা নোটিশে স্পষ্ট উল্লেখ ছিল যে, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তা তৎক্ষণাৎ বিনষ্ট করা হবে। একই সাথে বিদ্যালয়ের শৃঙ্খলা, পরিবেশ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ১৩ সেপ্টেম্বর থেকে নির্ধারিত পোশাক পরা এবং পরিপাটি ছোট চুল রাখা বাধ্যতামূলক করা হয়। নোটিশে আরও বলা হয়, কোনো শিক্ষার্থীর টিকটক আইডি থাকলে বা ভিডিও কনটেন্ট তৈরির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রতিষ্ঠান থেকে সরাসরি বহিষ্কারের মতো কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে।
সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ রায়হান জানান, বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও নিয়মকানুন বজায় রাখার জন্য ফোনটি ভেঙে অন্য শিক্ষার্থীদের কঠোর বার্তা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার বলেন, “পূর্বেই নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করা হয়েছিল। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।” তবে কমলনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর ভূঁইয়া এ বিষয়ে জানান, বিষয়টি এখনও তাঁর জানা নেই এবং খোঁজ নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
Leave a comment