ওসমানীনগর প্রতিনিধি | সিলেটের ওসমানীনগর উপজেলায় বারুণী মেলার নামে অবৈধ র্যাফেল ড্রের টিকিট বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। এ সময় একটি টমটম ও অবৈধ টিকিট জব্দ করে থানা হেফাজতে দেওয়া হয়।
জানা গেছে, বারুণী মেলাকে কেন্দ্র করে উপজেলার তাজপুর বাজারের পশ্চিম পাশে ওয়াপদা মাঠে র্যাফেল ড্র এবং তাজপুর বাজার এলাকায় মেলার আয়োজন করা হয়। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা বা র্যাফেল ড্র আয়োজনের কোনো অনুমতি নেওয়া হয়নি।
অভিযোগ রয়েছে, বারুণী মেলাকে ঘিরে সম্প্রতি উপজেলার বিভিন্ন বাজারে ২০ টাকা মূল্যের র্যাফেল ড্রের টিকিট বিক্রি করা হচ্ছিল। প্রথম পুরস্কার হিসেবে একটি নতুন মোটরসাইকেল ঘোষণা করা হওয়ায় অনেকেই টিকিট কিনে প্রতারিত হচ্ছিলেন।
এ ধরনের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে গোয়ালাবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি টমটমে করে অবৈধ টিকিট বিক্রির সময় একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০০ টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রিপন মিয়া, তিনি তেরা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া মেলা বা র্যাফেল ড্র আয়োজন সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং নজরদারি আরও জোরদার করা হবে।
Leave a comment