মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ইয়াসিন বুনুর সঙ্গে বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন রয়েছে। সম্প্রতি প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেছেন নোরা। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত না করে তিনি বুনুকে ‘খুব ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন।
সম্প্রতি দুবাইয়ের একটি রেডিও অনুষ্ঠান দ্য ক্রিস ফেড শো-তে অতিথি হিসেবে অংশ নেন নোরা। অনুষ্ঠানে সঞ্চালক ইয়াসিন বুনুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে নোরা হাসিমুখে বলেন, ‘হ্যাঁ, সে আমার খুব ভালো বন্ধু। সে একজন অসাধারণ মানুষ।’
এরপর সঞ্চালক নোরার প্রতিক্রিয়া নিয়ে রসিকতা করলে তিনি আবারও বুনুর প্রশংসা করেন। নোরা বলেন, ‘সে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। তাকে নিয়ে আমি ভীষণ গর্বিত। আমি সব সময় তার সাফল্য উদ্যাপন করি।’
অনুষ্ঠানের একপর্যায়ে সহ-সঞ্চালক প্রীতি মালিক মন্তব্য করেন, তাঁদের দুজনকে জুটি হিসেবে দারুণ মানাবে। জবাবে নোরা জানান, ইয়াসিনের সঙ্গে তাঁর পরিচয় অনেক দিনের হলেও গত কয়েক মাসে তাঁদের যোগাযোগ নতুন করে শুরু হয়েছে।
সম্প্রতি মরক্কোর কাসাব্লাঙ্কার আইন দিয়াব এলাকায় নোরা ও ইয়াসিনকে একসঙ্গে দেখা যায়। এ ছাড়া আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) মরক্কোর একটি ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা। এরপর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে নোরা ফাতেহি ও ইয়াসিন বুনু—দুজনের কেউই এখন পর্যন্ত প্রেমের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।
উল্লেখ্য, নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তাঁর বাবা–মা মরক্কোর নাগরিক। ‘বিগ বস’ রিয়েলিটি শোর মাধ্যমে ভারতীয় শোবিজে পরিচিতি পাওয়া নোরা পরে ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘সত্যমেভ জয়তে’ এবং ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’সহ বিভিন্ন চলচ্চিত্রের গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি হিন্দি, কন্নড় ও তামিল ভাষার একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত।
Leave a comment