পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা এবং একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রোববার (২৯ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে বেড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শম্ভুপুর গ্রামের কয়েকজন নেতাকর্মী একটি মশালমিছিল বের করেন। নিষিদ্ধঘোষিত যুবলীগ নেতা জাহাঙ্গীরের নেতৃত্বে মিছিলটি ডাকবাংলো এলাকা থেকে শুরু হয়ে বেড়া মডেল থানার দিকে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা থানার ফটকের সামনে অবস্থান নিয়ে পুলিশকে উদ্দেশ করে গালিগালাজ ও বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে থানায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ সময় আগের রাতে গ্রেপ্তার হওয়া মহিলা আওয়ামী লীগের চার কর্মীকে ভোর ৬টার মধ্যে মুক্তি না দিলে বড় ধরনের নাশকতার হুমকি দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটেন।
পরে মিছিলকারীরা বেড়া শহীদ খালেক স্টেডিয়াম এলাকায় গিয়ে মশালমিছিল করেন এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এ সময় পাবনা-ঢাকা রুটে চলাচলকারী আলহামরা পরিবহনের একটি বাস ভাঙচুর করা হয়। কিছুক্ষণ পর তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল ৪টার পর মহিলা আওয়ামী লীগের কয়েকজন কর্মী মিছিল নিয়ে বেড়া মডেল থানা ঘেরাওয়ের চেষ্টা করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে চার নারী কর্মীকে গ্রেপ্তার করে। এর জের ধরে ভোরে থানায় হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয় বাসিন্দাদের।
এদিকে রোববার ভোর সাড়ে ৬টার দিকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শহীদ খালেক স্টেডিয়ামের সামনে জড়ো হন। সেখানে তাঁরা নাশকতাবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এর আগে গত ১৯ থেকে ২১ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ভোররাতে একটি মিছিল থেকে থানায় ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়। জানমাল রক্ষায় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অগ্নিসংযোগ ও বাস ভাঙচুরে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাতে গ্রেপ্তার হওয়া চার নারীর বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তুহিন মোল্লা/এসএইচএ
Leave a comment