Home সাম্প্রতিক শেখ হাসিনা ভোটকে সম্মান করলে পালিয়ে বেড়াতে হতো না: কাদের সিদ্দিকী
সাম্প্রতিক

শেখ হাসিনা ভোটকে সম্মান করলে পালিয়ে বেড়াতে হতো না: কাদের সিদ্দিকী

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, শেখ হাসিনা ভোটের প্রতি সম্মান দেখালে তাঁকে পালিয়ে বেড়াতে হতো না। তবে তাঁর মতে, শেখ হাসিনা পালিয়ে যাননি, তাঁকে অন্য একটি দেশে পৌঁছে দেওয়া হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘আমাদের পতিত সরকারও যদি ভোটকে সম্মান করত, তাহলে তাঁকে পালিয়ে বেড়াতে হতো না। যদিও এ বিষয়ে আমার দ্বিমত আছে। শেখ হাসিনা পালিয়ে যাননি, তাঁকে অন্য একটি দেশে পৌঁছে দেওয়া হয়েছে।’

নির্বাচনে মনোনয়নপত্রের জামানতের পরিমাণ কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, জামানতের পরিমাণ অনেক বেশি। এটি এক হাজার টাকা হলেও কোনো ক্ষতি হতো না। বিষয়টি বিবেচনার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি।

নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানবিক গুণাবলি, নৈতিকতা ও জ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই একজন মানুষ জ্ঞানী বা ভালো মানুষ হন না। গ্রামের স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষের মধ্যেও জ্ঞান, নীতি ও আদর্শ থাকতে পারে।

তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে প্রার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়। মানবিক শিক্ষা ও গুণাবলিকে প্রাধান্য দিতে হবে। শিক্ষিত কিংবা অশিক্ষিত—সব নাগরিকের অধিকার সমান।

নির্বাচন কমিশনের স্বাধীনতা ও দৃঢ়তার প্রসঙ্গ তুলে ধরে ১৯৯৯ সালের একটি উপনির্বাচনের উদাহরণ দেন তিনি। ওই নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ করেন কাদের সিদ্দিকী। সে সময় প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা ভোটের ফল ঘোষণা করেননি এবং দীর্ঘদিন বিষয়টি ঝুলে ছিল বলে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের মেরুদণ্ড শক্ত হওয়া দরকার।’

ভোটের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন কাদের সিদ্দিকী। তাঁর ভাষ্য, ভোটের বাক্সে যে ফল আসে, ঘোষিত ফল অনেক ক্ষেত্রে তার সঙ্গে মেলে না। এ বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি।

১৯৭০ সালের নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, পাকিস্তানিরা নির্বাচনী রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরিস্থিতি তৈরি হতো না। নির্বাচনী রায় মেনে না নেওয়ার কারণেই বাঙালিকে স্বাধীনতার পথে এগোতে হয়েছিল। তাঁর মতে, বাংলাদেশের জন্ম হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা জরুরি।

নির্বাচন কমিশনের প্রশংসা করে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার চা-বাগানের নির্বাচন নিয়ে গর্ব ও আশাবাদ প্রকাশ করেছেন। বিষয়টি তাঁর ভালো লেগেছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, ছোটবেলা থেকেই রিকশাশ্রমিকদের নির্বাচন দেখে আসছেন। জাতীয় নির্বাচনের তুলনায় রিকশাশ্রমিকদের নির্বাচন বেশি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুন্দর হয়। সেখানে ভোট চুরি কিংবা অন্যের ভোট জালিয়াতি করে নেওয়ার ঘটনা ঘটে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে দেশের বিদ্যমান সমস্যার অর্ধেকই আপনা-আপনি দূর হয়ে যাবে বলে তাঁর বিশ্বাস।

নির্বাচনে প্রার্থীদের ব্যয় কমানোর বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, টাকা দিয়ে সিডি কিনে ভোটার তালিকা প্রিন্ট করা প্রার্থীদের জন্য কষ্টকর। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল প্রার্থীদের এ ব্যয় বহন করতে সমস্যা হয়। এ কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের ভোটার তালিকা সরবরাহের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সম্পদ চুরির মামলা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সম্পদ চুরির মামলা করার সুযোগ থাকা উচিত নয়। তাঁর মতে, স্ত্রী স্বামীর সম্পদের দেখাশোনার দায়িত্বে থাকেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশাকে চুরির মামলায় গ্রেপ্তারের সময়ও তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।

নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগের দূরত্ব কমানোর আহ্বানও জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি। তিনি বলেন, অভিযোগ জানানোর পর অনেক সময় কোনো সাড়া পাওয়া যায় না। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালে তার প্রতিকার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের সঙ্গে যোগাযোগ করে সাড়া পেলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাফ ভাড়া নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্তা, ঠিকানা পরিবহনের ২০ বাস আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে ঠিকানা পরিবহনের ২০টির বেশি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু বিচার ও পরিবহনটির কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা...

নাম হারিয়ে পরিচয়সংকটে আফগান নারীরা, ডাকা হচ্ছে ‘বিবি’, ‘গরু’ বা ‘ছাগল’ বলে

  আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। এমনকি চিকিৎসকের ব্যবস্থাপত্র ও চিকিৎসাসংক্রান্ত নথিতেও নারীদের নাম উল্লেখ...

Related Articles

বেড়া থানায় ককটেল নিক্ষেপ-অগ্নিসংযোগের চেষ্টা, বাস ভাঙচুর

পাবনার বেড়া মডেল থানায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টা এবং একটি বাস...

বিয়েতে দামি গাড়ির আবদার, খেলনা গাড়ি উপহার দিয়ে বরপক্ষকে তাড়িয়ে দিলেন মেয়ের বাবা

ভারতের উত্তর প্রদেশের মিরাটে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করেছিল বরপক্ষ।...

গ্লোবাল ডায়াস্পোরা সামিটে অংশ নিতে ইউরোপের দুই দেশে যাচ্ছেন প্রতিমন্ত্রী নুর

গ্লোবাল ডায়াস্পোরা সামিট ২০২৬-এ অংশ নিতে আগামীকাল জর্জিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রবাসী...

কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা...

;