তৃতীয় স্বামী গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
রাত ৯টা ৪০ মিনিটে দেওয়া ওই পোস্টে ন্যান্সি জানান, দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর পর তাঁরা দুজন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি এই সংগীতশিল্পী।
ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যান্সি। একই সঙ্গে জীবনের এই ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানানো এবং তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধ করেন তিনি।
জীবনের নতুন অধ্যায়টি শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে গ্রহণ করার আশাবাদও ব্যক্ত করেন এই গায়িকা।
এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন ন্যান্সি। ২০১২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ওই সংসারে রোদেলা নামে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।
পরে ২০১৩ সালের মার্চে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তাঁদের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটে। এই সংসারে নায়লা নামে ন্যান্সির আরেক কন্যাসন্তান রয়েছে।
এরপর ২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীর সঙ্গে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি।
এবার সেই সম্পর্ক থেকেও আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানালেন তিনি। তবে বিচ্ছেদের আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সংগীতশিল্পী।
Leave a comment