ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নিপু ইসলাম তন্বী শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তিনি শামসুন নাহার হল সংসদে ছাত্রলীগের প্যানেলের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেন।
অন্যদিকে মোহাম্মদ আমানুল্লাহ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
এদিকে গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a comment