নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মিলন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার কন্যাপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নিয়ামতপুরের বেলির মোড় থেকে পাথকৈলগামী সড়ক দিয়ে একটি মোটরসাইকেলে করে গাঁজা পরিবহন করা হচ্ছে। পরে কন্যাপুর গ্রামের হারুন নামের এক ব্যক্তির বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশের দল।
বিকেল ৪টার দিকে সন্দেহভাজন মোটরসাইকেলটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটির চালককে থামার সংকেত দেয়। পরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি নিজের নাম মিলন বলে জানান। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথ খলিফাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম জাহির।
পরে তাঁর হেফাজত থেকে ২ কেজি গাঁজা ও একটি নিবন্ধনহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা করা হয়েছে।
Leave a comment