অক্টোবর মাসে বাংলা উইকিপিডিয়ায় সবচেয়ে বেশি পঠিত ১০টি পাতার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছেন অভিনেত্রী পরীমনি। সাংবাদিককে হেনস্তার ঘটনায় সম্প্রতি আবারও আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন তিনি। তালিকার শীর্ষ তিনে রয়েছেন আরেক অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আজ শনিবার (৭ নভেম্বর) বাংলা উইকিপিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকা অনুযায়ী, পরীমনি-সংক্রান্ত পাতাটি ৪৩ হাজার ৪৫৮ বার পড়া হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ‘দেবী লক্ষ্মীর পাঁচালী’ পাতাটি পড়া হয়েছে ২০ হাজার ৯৩৮ বার।
তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মেহজাবীন চৌধুরী। তাঁর পাতাটি পড়া হয়েছে ১৯ হাজার ১১৫ বার। চতুর্থ স্থানে থাকা ‘শিশুদের বাণিজ্যিক যৌন শোষণ’ পাতাটি পড়া হয়েছে ১৪ হাজার ৪৯৯ বার। পঞ্চম স্থানে মিয়া খলিফা (১৪ হাজার ৪৮৬ বার) এবং ষষ্ঠ স্থানে নানা পাটেকর (১৪ হাজার ৩৬৫ বার) রয়েছেন।
এ ছাড়া সপ্তম স্থানে ‘চ’ (১৩ হাজার ৭৭৯ বার), অষ্টম স্থানে বাংলাদেশ (১২ হাজার ৮০৮ বার), নবম স্থানে রবীন্দ্রনাথ ঠাকুর (১১ হাজার ৬০৮ বার) এবং দশম স্থানে রয়েছে ‘বাংলা বাগধারার তালিকা’ (১১ হাজার ৪৬১ বার)।
Leave a comment