নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গিয়াস উদ্দিন গাজীপুরের কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। এ সুযোগে তিনি নিজের স্ত্রী, মেয়ে, শ্যালিকা ও ভাগনির আপত্তিকর ভিডিও তৈরি করে অর্থের বিনিময়ে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। তাঁর ব্যাংক হিসাবেও সন্দেহজনক বড় অঙ্কের লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা।
সম্প্রতি প্রশাসনের নজরদারি এড়াতে তিনি মাধবদী ছেড়ে ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় একটি নতুন ভবনে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে তাঁর গতিবিধির ওপর নজরদারি করা হয়। পরে পলাশ থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই বাসা থেকে পর্নোগ্রাফিসংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম ও আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Leave a comment