যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট গণনা এখনো শেষ না হওয়ায় নির্বাচনের ফলাফল নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত স্কট কলম পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৮৫৭ ভোট। অন্যদিকে সিন্ডি হাইড-স্মিথ পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৭৯২ ভোট। স্বতন্ত্র প্রার্থী টাই পিঙ্কিনস পেয়েছেন প্রায় ২০ হাজার ভোট।
অঙ্গরাজ্যটিতে প্রায় ৯৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তবে দুই প্রধান প্রার্থীর মধ্যে ব্যবধান খুব সামান্য হওয়ায় এখনো কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি।
মিসিসিপির পররাষ্ট্রমন্ত্রী মাইকেল ওয়াটসন এক বিবৃতিতে জানিয়েছেন, অঙ্গরাজ্যটির ৮২টি কাউন্টির মধ্যে ৭০টি তাদের অনানুষ্ঠানিক নির্বাচনী ফল রাজ্যের নির্ধারিত ব্যবস্থায় জমা দিয়েছে। নির্বাচনের দিন থেকে ১০ দিনের মধ্যে সব কাউন্টিকে চূড়ান্ত ফল তাঁর দপ্তরে পাঠাতে হবে।
ওয়াটসন জানান, ডাকযোগে পাঠানো প্রায় ৩ হাজার ৬০০টি অনুপস্থিত ভোট এখনো গ্রহণ করা হয়নি। এ ছাড়া হলফনামার মাধ্যমে দেওয়া কতটি ভোট যাচাই ও গণনার অপেক্ষায় রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামী ১০ দিনের মধ্যে এসব ভোট গণনা ও যাচাইয়ের প্রক্রিয়া শেষ করার কথা রয়েছে।
সূত্র: আলজাজিরা
Leave a comment