জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনসংক্রান্ত আইন পাস করা হবে। বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন করলে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে বলেও জানান তিনি।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে দেশের তরুণদের ব্যবসার সুযোগ তৈরি হবে। এতে কর্মসংস্থানও বাড়বে।
এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, এ উদ্যোগ বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও জনগণের চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।
Leave a comment