সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় সলঙ্গা থানা খেলার মাঠে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
সলঙ্গা থানার ছয়টি ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মীদের মিছিল ও উপস্থিতিতে মাঠটি মুখর হয়ে ওঠে। সমাবেশ শেষে শোভাযাত্রাটি সলঙ্গা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সাদা গেঞ্জি ও লাল টুপি পরা নেতা-কর্মীদের হাতে বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। স্লোগান ও বাঁশির শব্দে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।
সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব শাহিন রেজা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।
এ ছাড়া বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার ও মারুফ হাসান খোকন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম রফিক, থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশিদ হিরন এবং কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কাবলু মিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্থ রক্ষার আন্দোলনে ভূমিকা রেখে আসছে।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল নেতা-কর্মীরা সক্রিয় ছিলেন। ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্র ও হুমকি মোকাবিলায় তাঁরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল তা প্রতিহত করবে বলেও বক্তব্য দেন তাঁরা।
Leave a comment